Sahih Muslim
738.01

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ সালামাহ ইবনু আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশাহ (রাযিঃ) কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমযান মাসের (রাতের) সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান মাসে কিংবা অন্য কোন সময়ে রাতের বেলা এগার রাকাআতের বেশী সালাত আদায় করতেন না। প্রথম চার রাকাআত তিনি এমনভাবে আদায় করতেন যে, তার সৌন্দর্য সম্পর্কে আর কী জিজ্ঞেস করবে? তারপর চার রাকাআত তিনি এত সুন্দর করে আদায় করতেন যে, তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্বন্ধে আর কি জিজ্ঞেস করবে? এরপর তিনি আরো তিন রাকাআত সালাত আদায় করতেন। আয়িশাহ (রাযিঃ) বলেন, এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! আপনি বিতর সালাত আদায়ের পূর্বেই ঘুমাতেন? জবাবে তিনি বললেন, হে আয়িশাহ আমার চোখ দুটি ঘুমায় কিন্তু আমার হৃদয়-মন ঘুমায় না (ইসলামী ফাউন্ডেশন ১৫৯৩, ইসলামীক সেন্টার)

738.02

মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ সালামাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাযিঃ) কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (রাতের) সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ তের রাকাআত আদায় করতেন। প্রথমে তিনি আট রাকাআত সালাত আদায় করতেন। তারপর বিতর আদায় করতেন। সবশেষে বসে বসে আরো দু' রাকাআত সালাত আদায় করতেন। পরে রুকূ করার সময় উঠে দাঁড়িয়ে রুকূ’ করতেন। অতঃপর ফজরের সালাতের আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়েও দু' রাকাআত সালাত আদায় করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৫৯৪, ইসলামীক সেন্টার)

738.03

যুহারর ইবনু হারব-ইয়াহইয়া ইবনু বিশ্বর আল হারীর (রহঃ) ..... আবূ সালামাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশাহ (রাযিঃ)-কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ..... পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করলেন। তবে তাদের উভয়ের বর্ণিত হাদীসে দাঁড়িয়ে নয় রাকাআত সালাত আদায় করার কথা উল্লেখ আছে এবং তার মধ্যে বিতরের সালাতও অন্তর্ভুক্ত আছে। (ইসলামী ফাউন্ডেশন ১৫৯৫, ইসলামীক সেন্টার)

738.04

আমর আন নাকিদ (রহঃ) ..... আবূ সালামাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাযিঃ) এর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আম্মাজান আমাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে অবহিত করুন তো। তিনি বললেনঃ রমাযান ও অন্যান্য মাসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু' রাকাআত (সুন্নাত) সালাতসহ রাতের বেলা মোট তের রাকাআত সালাত আদায় করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৫৯৬, ইসলামীক সেন্টার)

738.05

ইবনু নুমায়র (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাতের এক বেলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ রাকাআত সালাত আদায় করতেন। আর এক রাকাআত বিতর এবং দু' রাকাআত ফজরের সুন্নাতসহ মোট তের রাকাআত সালাত আদায় করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৫৯৭, ইসলামীক সেন্টার)