Sahih Muslim
724.01

আমর আন নাকিদ (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আযান শোনার পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু' রাকাআত সালাত আদায় করতেন আর তা সংক্ষিপ্ত আদায় করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৫৫১, ইসলামীক সেন্টার)

724.02

‘আলী ইবনু হুজর, আবূ কুরায়ব, আবূ বাকর ও ইবনু নুমায়র, আমর আন নাকিদ (রহঃ) ...... সকলে হিশাম (রহঃ)-এর মাধ্যমে একই সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে আবূ উসামাহ বর্ণিত হাদীসে "যখন ফাজর উদিত হলো" কথাটি উল্লেখ আছে। (ইসলামী ফাউন্ডেশন ১৫৫২, ইসলামীক সেন্টার)

724.03

মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দু' রাকাআত সালাত আদায় করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৫৫৩, ইসলামীক সেন্টার)

724.04

মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু' রাকাআত (সুন্নাত) সালাত এত সংক্ষিপ্তভাবে আদায় করতেন যে, আমি বলতাম, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কি সালাতের দু' রাকাআতে সূরাহ ফাতিহাহ পড়েছেন? (ইসলামী ফাউন্ডেশন ১৫৫৪, ইসলামীক সেন্টার)

724.05

উবায়দুল্লাহ ইবনু মুআয (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত ফজরের সময় অর্থাৎ ভোর হলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু' রাকাআত (সুন্নাত) সালাত আদায় করতেন। সালাত দু' রাকাআত এত সংক্ষিপ্ত হ’ত যে, আমার মনে প্রশ্ন জাগত- তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কি সালাতে সূরাহ ফাতিহাহ পড়েছেন? (ইসলামী ফাউন্ডেশন ১৫৫৫, ইসলামীক সেন্টার)

724.06

যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের (ফারয (ফরয) সালাতের) পূর্বের দু রাকাআত সুন্নাত আদায় করার প্রতি যত কঠোরভাবে খেয়াল রাখতেন অন্য কোন নফল সালাতের প্রতি ততখানি রাখতেন না। (ইসলামী ফাউন্ডেশন ১৫৫৬, ইসলামীক সেন্টার)

724.07

আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও ইবনু নুমায়র (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। ফজরের দু' রাকাআত নফল সালাতের জন্য আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যত ব্যস্ততা প্রকাশ করতে দেখেছি অন্য কোন নফল সালাতের জন্য ততটা ব্যস্ততা প্রকাশ করতে দেখিনি। (ইসলামী ফাউন্ডেশন ১৫৫৭, ইসলামীক সেন্টার)